রাজধানীর খিলগাঁওয়ে নির্মিত অত্যাধুনিক খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জোড়াপুকুর মাঠে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মাঠটি খুলে দেন।
মেয়র খোকন বলেন, মাঠটি সবার জন্য উন্মুক্ত করা হলো। মাঠের কাজ সম্পূর্ণরূপে শেষ হলেও বাইরে বসার জন্য, কিছু জায়গার কাজ বাকি রয়েছে। এলাকাবাসীর দাবির পর পরীক্ষামূলকভাবে মাঠটি উন্মুক্ত করে দিলাম। এরপর মানুষ ব্যবহার করার পর যদি কোনো দাবি ওঠে সেগুলো বাস্তবায়ন শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
তিনি বলেন, ‘জল সবুজের ঢাকা’ প্রকল্পের আওতায় আমাদের আরও কিছু খেলার মাঠ যেগুলোর কাজ শেষ হয়েছে, সেগুলো অল্প কিছুদিনের মধ্যে সবার জন্য খুলে দেওয়া হবে। এসব মাঠের মালিক জনগণ, জনগণের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।
ডিএসসিসির গণমাধ্যম শাখার সূত্র জানায়, ৭১ কাঠা আয়তনের এই মাঠে এত দিন প্রবেশে বাধা ছিল। উন্নয়নকাজ শেষে এলাকাবাসীর জন্য খুলে দেওয়া হলো।
