কাউন্সিলর রাজীবকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ দুদকের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০১:২৩ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুর সাড়ে ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শুরুর আগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয় তাকে। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীসহ দুদকের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে তাকে।

গত ৬ নভেম্বর রাজীবের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে তার বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত ২ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে দুদক। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৯ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পরদিন তাকে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

জাবেদকে জিজ্ঞাসাবাদ : এদিকে জাল দলিল তৈরি করে শহীদ পরিবারের অনুকূলে সরকারের বরাদ্দ দেওয়া বাড়ি আত্মসাতের অভিযোগে করা মামলার আসামি শেখ মো. জাবেদ উদ্দিনকে তিন দিনের রিমান্ডে এনেছে দুদক। গতকাল রবিবার তাকে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছেন সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিন। এজন্য গতকাল দুপুর সাড়ে ১২টায় তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত