‘ক্যাসিনোর ৩২ সিন্দুকের মালিক’ দুই ভাই এনামুল হক ভূঁইয়া এনু ও রুপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সকালে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলের ওয়ান্ডারার্স ক্লাবের অংশীদার এনু-রুপনের একটি, বন্ধু হারুন-উর-রশিদ এবং কর্মচারী আবুল কালাম আজাদের বাসা থেকে তিনটি সিন্দুক উদ্ধার হয়।
ওই সিন্দুকে টাকা, অস্ত্র ও স্বর্ণালঙ্কার উদ্ধারের ঘটনায় মানি লন্ডারিং, বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে সাতটি মামলা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
পুরান ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ভূঁইয়া এনুর ৩২টি সিন্দুক রয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, সম্প্রতি বংশালের ইংলিশ রোডের ‘শাবনাজ স্টিল কোং’ থেকে বিশেষ ফরমায়েশ দিয়ে এগুলো বানানো হয়।
বানিয়ানগর মুরগিটোলা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এনুর তিনটি সিন্দুক উদ্ধার করে র্যাব। ওই সিন্দুক থেকে ৫ কোটি টাকা, ৭৩০ ভরি সোনা ও ৬টি অস্ত্র উদ্ধার করা হয়। বাকি সিন্দুকগুলোর এখনো কোনো খোঁজ মেলেনি।
এনু ও তার ভাই রশিদুল হক ভূঁইয়া ও রুপন ভূঁইয়ার বিষয়ে জানতে চাইলে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল ৩২ সিন্দুকের বিষয়ে ২৭ সেপ্টেম্বর দেশ রূপান্তরকে বলেন, ‘শাবনাজ স্টিল কোংয়ের লোকজন আমাদের বলেছে তারা এনুর কাছে পাঁচটি সিন্দুক বিক্রি করেছে। আরও সিন্দুক বিক্রি করে থাকলে আমরা সেটার খোঁজ নেব। তথ্য পেলেই সেগুলো উদ্ধার ও দায়ীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করব।’
আরও পড়ুন
