দেশের মানুষ এখন না খেয়ে থাকে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৮:৫৮ পিএম

বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সোমবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখে গেছেন আর সেই স্বপ্ন শেখ হাসিনা পূরণ করে যাচ্ছেন। রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের উদ্দেশ্য একই– দেশের উন্নয়ন করা। আপনারা মনে রাখবেন, জনগণের টাকায় আপানাদের (সরকারি কর্মকর্তা-কর্মচারীদের) বেতন হয়। তাই সবাই দেশের উন্নয়নে কাজ করে যাবেন।

সাটুরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নের ৪ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টার প্রমুখ।

এর আগে সকালে মন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এবং গড়পাড়া নিজ গ্রামে ৫ হাজার কম্বল বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত