গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী অবরুদ্ধ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৬:০৩ পিএম

বৈধ ভিসির নিয়োগসহ বিভিন্ন দাবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চার তলার গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বাৎসরিক বাজেট পাশ ও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সাধারণ সভায় যোগদান করতে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে তোপের মুখে পরেন তিনি। এ সময় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা অন্য শিক্ষার্থীসহ ছাত্রনেতারা তাকে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন।

ভিপি জুয়েল রানা তালাবদ্ধ জাফরুল্লাহকে উদ্দেশ্যে করে বলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে নাটক শুরু করছেন। আপনি আজ শিক্ষার্থীদের সঙ্গে বসে কোনো সমাধান না দেয়া পর্যন্ত আটক থাকবেন।

জুয়েল রানা দেশ রূপান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্য নিয়োগের ব্যাপারে আশ্বাস দিয়েও তার কোনো প্রতিফলন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে না পারায় এবং বিভিন্ন বিভাগের অনুমোদন সংক্রান্ত জটিলতা নিরসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ ভূমিকা না থাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অবরুদ্ধ করে রাখা হয়। শিক্ষার্থীদের দাবিগুলো তাকে লিখিতভাবে দেয়া হয়েছে।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) তার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। তবে এসব প্রশ্নের জবাব না দিয়ে তিনি প্রশাসনিক ভবনে কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করতে যান। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই রুমটি তালা বন্ধ করে দেন।

এ সময় ওই কক্ষে ডা. জাফরুল্লাহর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী বাবু, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল, জনসংযোগ কর্মকর্তা শিরিন সুলতানা সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ অবরুদ্ধ হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শিরিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর দুইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার শর্তে তালা খুলে দেয়া হয়েছে। বর্তমানে তাদের দাবির বিষয়ে আলোচনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত