তিন ধাপে পাকিস্তান সফরে যাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে পাকিস্তান সফর নিয়ে নতুন সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বিসিবি। দেওয়া হয়েছে সূচিও।
এর আগে বাংলাদেশ ক্রিকেট দল তিন ধাপে পাকিস্তান সফরের যাবে বলে বিবৃতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার দুবাইয়ে আইসিসির সভার ফাঁকে বিসিবি ও পিসিবি সভাপতির মধ্যে এই সিরিজ নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরও। সেই আলোচনার পরই সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলতে। ২৪-২৭ জানুয়ারি হবে এই সফর। এরপর ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে পাকিস্তানে গিয়ে খেলবে একটি টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ তৃতীয় ও শেষ ধাপে পাকিস্তান সফর করবে এপ্রিলে। এ দফায় একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে দুই দল। ৩ এপ্রিল করাচিতে ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে টেস্ট হবে ৫ থেকে ৯ এপ্রিল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিরিজ নিয়ে বলেছেন, ‘আমি প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাব আমাদের অবস্থানটা বোঝার জন্য। আমরা খুশি যে পারস্পরিক গ্রহণযোগ্য একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। আইসিসির এফটিপির প্রতিশ্রুতি রক্ষার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টার এটা উজ্জ্বল উদাহরণ।’
তিন ধাপের এই সফরে ম্যাচ একটি বেড়েছে। কারণ এফটিপিতে দুই দলের সিরিজে কোনো ওয়ানডে ছিল না।
