শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২১তম স্প্যানটি বসানো হয়েছে। সেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি। এতে দৃশ্যমান হলো সেতুর ৩ হাজার ১৫০ মিটার। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে ২১তম স্প্যানটি বসানো হয়। ২০তম স্প্যানটি বসানোর ১৪ দিনের মাথায় ২১তম স্প্যানটি বসানো হলো।
পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের দিকে রওনা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্প্যানটি জাজিরা প্রান্তের ৩২ ও ৩৩ পিলারের ওপর তোলার কাজ শুরু হয়।
