জবিতে মাইগ্রেশনের নামে দেড় লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:০২ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর থেকে মাইগ্রেশনের নামে ১ লাখ ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ বর্ষের ছাত্র জাকারিয়া ইসলাম। এরই মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে।

আসামিরা হলেন তৎকালীন জগন্নাথ কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর সিকদার ঝোটনের ছেলে সায়েম সিকদার ও জবির বহিষ্কৃত ছাত্র সামিউল তাজিব শিশির, কবি নজরুল কলেজের প্রথম বর্ষের ছাত্র আজিজুল খান রাফি, শোভন, হিমেল ও সৈকত।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন জাকারিয়া। এতে তিনি উল্লেখ করেন, মাইগ্রেশনের নাম বলে ও ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোর করে উঠিয়ে নিয়েছিল অভিযুক্তরা। তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর আমার পজিশন ছিল ২০৩৬। আমি সাবজেক্ট পাইনি। পরে ইসলামিক স্টাডিজ বিভাগে সুযোগ পাই। এ সময় রাফি মাইগ্রেশন করিয়ে আইন বিভাগে ভর্তি করার প্রস্তাব দেয়। তখন তাকে পরিবারের সঙ্গে কথা বলে জানাব জানাই। সে সময় তারা ভর্তির রোল নম্বর নেয় পজিশন দেখার জন্য। আমি যখন জানতে পারি মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেটিক; তখন প্রস্তাব প্রত্যাখ্যান করি। এরপর তারা ৮০ হাজার টাকা খরচ করেছে বলে দাবি করে।’

জাকারিয়া জানান, অভিযুক্তরা দুবার বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে তাকে টাকার জন্য চাপ দেয়। ১৪ জানুয়ারির মধ্যে ৮০ হাজার টাকা না দিলে ফাঁসিয়ে আরও বেশি টাকা আদায়েরও হুমকি দেয়। সোমবার তুলে নিতে শিশির এবং রাফি ক্যাম্পাসে আসে। বিষয়টি সিনিয়রদের জানালে তারা রাফিকে প্রক্টর অফিসে নিয়ে যান।

প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘রাফিকে সোমবারই পুলিশে দিয়েছি। আর সামিউলের ছাত্রত্ব নেই। অন্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’ কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার রাফিকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত