সোমবার মাঝরাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিয়ের কার্ড পোস্ট করে সাড়া ফেলে দেন টলিউড স্টার দেব। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছেন যে, রুক্মিণী মৈত্রের সঙ্গে দেব তাহলে বিয়েটা এ বছরই সেরে ফেলছেন!
তবে কথা হচ্ছে, বিয়েটা হচ্ছে ঠিকই কিন্তু সেটি দেব-রুক্মিণীর নয় বরং পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার। তাও আবার বাস্তবে নয়, সিনেমার পর্দায়। এমনটাই জানিয়েছে জি নিউজ।
জানা যায়, জি বাংলার বাংলার রিয়্যালিটি শো খ্যাত পরিচালক অভিজিৎ সেনের প্রথম ছবি ‘টনিক’। সেই ছবিতেই সাতপাকে বাঁধা পড়তে দেখা যাবে পরাণ ও শকুন্তলাকে। সেই ছবিরই প্রচারণা চালালেন দেব।
সবাই যখন দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন আসল রহস্য খোলাসা করলেন দেবই।
আরও একটি পোস্টে পরাণ ও শকুন্তলার মালাবদলের ছবি পোস্ট করে দেব লিখেন, ''আমার কাকার শুভবিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে, সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সপরিবারে আমন্ত্রণ রইল, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সব সময় থাকে আমার কাকা এবং কাকিমার সঙ্গে। ইতি টনিক।
প্রসঙ্গত, টনিক ছবির মাধ্যমেই টলিউডে সিনেমা পরিচালনায় পা রাখছেন 'সা রে গা মা পা' খ্যাত পরিচালক অভিজিৎ সেন। সম্প্রতি কালিম্পঙে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। ছবিটি প্রযোজনা করছে অতনু রায় চৌধুরী ও দেবের প্রযোজনা সংস্থা।
