পেঁয়াজ ক্ষেতের একদিকে পাহারা অন্যদিকে চুরি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:০৮ পিএম

পেঁয়াজ নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ফসলের মাঠ থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিগং গ্রামের ফসলের মাঠে রাত জেগে টর্চ নিয়ে পাহারা দিতে দেখা যায় এলাকার লোকজনকে। কারণ জানতে মাঠে গিয়ে জানা গেল প্রতিরাতে ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে চার কাঠা থেকে এক বিঘা জমির সব পেঁয়াজ।

রাতে পাহারারত কৃষকপুত্র আশরাফুলের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের এলাকাজুড়ে বর্তমানে পেঁয়াজ চুরির হিড়িক পড়েছে। পুরো ফসলি এলাকাতে তাদের পক্ষে পাহারা দেওয়া সম্ভব না তাই তারা প্রতিদিন একেক পাশে পাহারা দিচ্ছেন। যেদিন যে এলাকায় পাহারা দেয় চোরেরা সেদিন সেই এলাকায় চুরি না করে অন্য এলাকায় চুরি করছে।

জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের গ্রাম্য দফাদার এজাহার আলী বলেন, গ্রাম্য দফাদারদের সাধারণ মানুষ ভয় পায়। সেই দফাদার হয়েও রেহাই পাননি তিনিও। তার ক্ষেতের সব পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে চোরে। এখন যেভাবে পাহারা দিতে হচ্ছে ফসলের মাঠে এ রকম পাহারা এর আগে কখনোই দিতে হয়নি তাদের। কিন্তু পেঁয়াজের দাম বাড়ার পরে ক্ষেত থেকে পেঁয়াজ চুরির ঘটনা ঘটে চলেছে। ফলে কৃষকরা অপরিপক্ব অবস্থায় পেঁয়াজ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।

পেঁয়াজ চাষি আবুল হোসেন ভুট্টো জানান, এবার পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর পেঁয়াজের বীজের দামও বেড়েছে। ফলে কৃষক প্রথমেই পড়েছে এক বড় সংকটে। তারপর আবার এই চুরি যাওয়াতে তাদের মাথায় হাত উঠে গেছে।

এভাবে পেঁয়াজ চাষি ছবুর দাই, নওশের আলী দাই, নজরুল দাই, শাহালম গাজী সাইদুল ইসলাম, সাত্তার গাজী সবার সঙ্গে কথা বললে সবাই তাদের পেঁয়াজের ক্ষেতে পেঁয়াজ চুরি হয়ে যাওয়ার কথা জানান। চুরি ঠেকাতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ক্ষতিগ্রস্ত সব কৃষক।

এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ প্রশাসনের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপারের মুখোমুখি হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন জানিয়ে বলেন, ক্ষেতে পেঁয়াজ চুরি ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ উদ্যোগ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত