যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জ্যোৎস্না বেগম ও তার ছেলে আল আমিন।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার টিটা বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কেশবপুর থানার ওসি আবু সাঈদ জানান, গ্রামের আব্দুল আলিম মোড়লের ছেলে আল আমিন বাড়ির পাশে গুতেমারির বিলে তাদের সেচ মেশিনে পানি দেয়ার কাজ করছিল। দুপুরের দিকে তার মা জ্যোৎস্না বেগম ভাত নিয়ে সেচ মেশিন ঘরে গিয়ে দেখতে পান আল আমিন শুয়ে আছে।
ঘুমিয়ে আছে ভেবে জ্যোৎস্না বেগম তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় আশপাশের মানুষেরা ছুটে এসে ঘরের মধ্যে দুজনকে পড়ে থাকাতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুইটি উদ্ধার করে।
