ভুয়া ঋণ আবেদন দেখিয়ে অর্থ আত্মসাৎ, ব্যাংক ম্যানেজার গ্রেপ্তার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০২:৫৯ এএম

নোয়াখালীর সুবর্ণচরে ভুয়া ঋণ আবেদন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল বুধবার সকালে নুর নবী চৌধুরী নামে উপজেলার চরবাটা শাখার দায়িত্বপালনকারী ওই ম্যানেজারকে ১৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ওইদিন সকালে তার বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেন দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমদ। এ ঘটনায় তাকে কার্যালয়ে ডেকে এনে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নুর নবী বর্তমানে সোনালী ব্যাংক দাগনভূঁঞা শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। গত ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত চরবাটা শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সহকারী পরিচালক সুবেল দেশ রূপান্তরকে জানান, অর্থ আত্মসাতের ঘটনায় দীর্ঘ তদন্তের পর অভিযুক্ত নুর নবী ও তার কয়েকজন সহযোগীকে আসামি করে মামলা করা হয়। অপর আসামিরা হলো একই ব্যাংকের চরবাটা শাখার সিনিয়র ক্যাশ অফিসার (অবসরপ্রাপ্ত) নেছার উদ্দিন আহমেদ, ক্যাশ অফিসার আবুল কাশেম (বর্তমানে অফিসার, খালিয়াজুড়ি শাখা, নেত্রকোনা), অফিসার আবদুল গফুর, চরবাটা ইউপি সদস্য আলেয়া বেগম, স্থানীয় মহিউদ্দিন ভূঁঞা ও মো. সিরাজুল ইসলাম। এ ঘটনায় নুর নবীকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরা পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত