হাইকোর্টে ক্ষমা পেলেন কক্সবাজারের জেলা জজ

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:১১ এএম

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে আসামির জামিনের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাকে ক্ষমা করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদেশ দেয়। একই সঙ্গে যে ৯ আসামিকে ওই বিচারক জামিন দিয়েছিলেন তাদের জামিন বাতিল প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট।

দুই মাস আগে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন না-মঞ্জুরের পর একই দিন হাজতবাস উল্লেখ করে আসামিদের জামিন দেওয়ার ঘটনায় ওই বিচারককে গত ২১ জুন তলব করে ১৯ জুলাই হাজির হতে বলেছিল হাইকোর্ট। ওই দিন হলফনামা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। শুনানিতে আদালত তাকে ভর্ৎসনা করে তার বিচারিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। আবেদন যথাযথ না হওয়ায় পরদিন তাকে আবারও হাজির হতে বলা হয়। ২০ জুলাই বিচারক হাজির হলে হাইকোর্ট তার প্রতি কঠোরভাবে উষ্মা প্রকাশ করে। শুনানি শেষে এ বিচারকের বিষয়ে ২৭ জুলাই আদেশের জন্য ধার্য করে হাইকোর্ট।

আদালতে এই বিচারকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আবদুন নূর দুলাল। অন্যপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত