ফেনীর সোনাগাজীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মধ্যরাতে ঘরে ঢুকে একই পরিবারের ৬ জন নারী-পুরুষকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার রাত ৩টার দিকে সোনাগাজী বাজার সংলগ্ন পান্ডব বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তার।
পুলিশ, আহত মিন্টু ও জাবেদ জানান, পান্ডব বাড়ির মাহমুদুল হক জাবেদের সঙ্গে একই বাড়ির পৌর কাউন্সিলর মাকসুদ আলম ও তার ভাইদের সঙ্গে দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ চলে আসছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, এই বিরোধের জের ধরে বুধবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে মাকসুদ আলমের ভাই হেলাল উদ্দিন, মাইন উদ্দিন রুবেল, সবুজ, ভোলা মিয়া, রবিন ও ফাহাদের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী মাহমুদুল হক জাবেদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খুজ্জিস্তা আক্তার দীপা জানান, আহতদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে নুর নাহার ও হেদায়েতুল ইসলাম মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে তদন্তের ভিত্তিতে দায়ীদের আটক করা হবে।
