জমি নিয়ে বিরোধ: সোনাগাজীতে ৬ জনকে কুপিয়ে জখম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১১:৪১ পিএম

ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মধ্যরাতে ঘরে ঢzকে একই পরিবারের ছয় নারী-পুরুষকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। গত বুধবার রাত ৩টার দিকে সোনাগাজী বাজার সংলগ্ন পাণ্ডব বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তার।

পুলিশ, আহত মিন্টু ও জাবেদ জানান, পাণ্ডব বাড়ির মাহমুদুল হক জাবেদ ও তার পক্ষের লোকজনের সঙ্গে একই বাড়ির পৌর কাউন্সিলর মাকসুদ আলম ও তার ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ক্ষতিগ্রস্তদের দাবি সে বিরোধের জের ধরে বুধবার রাত ৩টার দিকে মাকসুদ আলমের ভাই হেলালউদ্দিন, মাইনউদ্দিন রুবেল, সবুজ, ভোলা মিয়া, রবিন ও ফাহাদের নেতৃত্বে ২০-২৫ সশস্ত্র সন্ত্রাসী মাহমুদুল হকে জাবেদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢzকে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খুজ্জিস্তা আক্তার দীপা জানান, আহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে নূর নাহার ও হেদায়েতুল ইসলাম মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।

সোনাগাজী মডেল থানার ওসি মঈনউদ্দিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে তদন্তর ভিত্তিতে দায়ীদের আটক করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত