চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ভাঙচুরের অভিযোগ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় শহীদ মিনার চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধকালীন গ্র“প কমান্ডার মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আমাদের বিজয় মেলার ১৫ জানুয়ারি পর্যন্ত অনুমতি ছিল। কিন্তু কোনো ধরনের অবহিত না করে স্থানীয় পুলিশ অশ্লীলতার অভিযোগে গত ১২ জানুয়ারি বিজয় মেলা বন্ধ করে দেয়। অথচ এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ সময় জাতির জনকের ছবিও ভাঙচুর করা হয়। মিথ্যা অভিযোগে বিজয় মেলা বন্ধ করে দিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর মেলার উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, এ বিজয় মেলায় নানা অশ্লীল গান ও নাচ চলছিল। স্থানীয় জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
