পেঁয়াজের দাম কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় কোনো অবস্থাতেই এর দাম ১১০ টাকা থাকবে না। শিগগিরই দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে জাসদের সংসদ সদস্য শিরিন আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিরোধীদলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষকের উৎপাদিত সবজি সঠিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য দেশের বিভিন্ন স্থানে সবজি সংরক্ষণাগার স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী সংসদে জানান, পেঁয়াজের দাম কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে ভারত পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে প্রণোদনা প্রদান করছে। আশা করি শিগগিরই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। কোনো অবস্থাতেই পেঁয়াজের দাম ১১০ টাকা থাকবে না।
