অসুরের শক্তি আর রাসেলে ভর না করুক: মুশফিকের বাবা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ পিএম

বিপিএলে কখনো শিরোপা ছোঁয়া হয়নি মুশফিকুর রহিমের। অধরা সেই ট্রফিটা থেকে আর মাত্র একধাপ দূরে দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা। আর কিছুক্ষণ পরই মুশফিকের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে রাজশাহী রয়্যালসের বিপক্ষে। যে ম্যাচে শেষ হাসি হাসবেন মুশফিক এমনই প্রত্যাশা বাবা মাহবুব হামিদের।

জাতীয় দলের খেলা তো বটেই ঘরোয়া পর্যায়েও মুশফিকুর রহিমের খেলা মাঠে বসে উপভোগ করেন মাহবুব হামিদ। ছেলে প্রথমবার বিপিএলের ফাইনালের মঞ্চে। শুক্রবারও তাই মাঠে না গিয়ে পারেননি তিনি। ছুটে এসেছেন বগুড়া থেকে। ছেলের হাতে বিপিএল ট্রফি দেখার স্বপ্ন বিভোর তিনি।

বিকেলে মাঠে যাওয়ার পথে দেশ রূপান্তরের সঙ্গে মুঠোফোনে কথা বলেন মুশফিকের বাবা। বললেন, মুশফিক ভালো রান করতে পারলে আশা করি ম্যাচ হাতছাড়া হবে না। সেই সঙ্গে আরেকটা আশা তার। এ ম্যাচে রাজশাহীর ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল যেন জ্বলে উঠতে না পারেন।

মুশফিক এবার টুর্নামেন্টে দারুণ খেলছেন। ফাইনালের আগ পর্যন্ত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার দল খুলনাও খেলছে দারুণ। লিগ পর্ব শেষ করে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে। এরপর প্রথম কোয়ালিফায়ার জিতে জায়গা করে নেয় ফাইনালে।

এখন শেষ ধাপ ফাইনালে নিজেদের সেই ছন্দ ধরে রাখতে পারলে হয়। এ ক্ষেত্রে মুশফিকের বাবা মাহবুব হামিদের বিশ্লেষণটা এমন, ‘দেখতে দেখতে খেলা নিয়ে আমার যেটা মত- যত ভালোই খেলেন, আল্লাহপাক সহায় না হলে কিছু করার নেই। বলে না, লাক ফেভার। লাক ফেভার হলো আল্লাহর হাতে।’

‘আল্লাহ সহায় থাকলে সবকিছু করার সম্ভব। খুলনা যেভাবে খেলছে তাতে কাপটা ওদের জেতা উচিত। মুশফিক যদি আজ একটা ভালো রান করতে পারে আশা করি ম্যাচ হাতছাড়া হবে না।’

কিন্তু রাজশাহী দলটাও তো দারুণ। এর মধ্যে দলটাতে আছে একজন আন্দ্রে রাসেল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বলতে গেলে যিনি একা হারিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

সেই ম্যাচ নিয়ে মুশফিকের বাবা বলছিলেন, ‘রাসেল কী খেলটাই না খেলল। যদিও ওরা বিগ হিট করতে পারে। তারপরও আটটা উইকেট চলে গেছে...। ওর অভিজ্ঞতার কারণে কেউ ওকে দমাতে পারেনি...।’

মাহবুব হামিদ তাই হাসতে হাসতে বলেন, ‘অসুরের শক্তি আর রাসেলে ভর না করুক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত