স্টোকস-পোপের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১২:৪০ এএম

টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন ওলি পোপ। বেন স্টোকস পেলেন ক্যারিয়ারে নবম সেঞ্চুরির দেখা। এই দুজনের ব্যাটে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত ভিত পেল সফরকারী ইংল্যান্ড।

শুক্রবার ৯ উইকেটে ৪৯৯ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দিনের খেলা শেষ ঘোষণা হওয়ার আগে ২ উইকেটে ৬০ রান তুলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।

আগের দিনের ৪ উইকেটে ২২৪ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করে ইংলিশরা। স্টোকস ৩৮ ও পোপ ৩৯ রানে দিন শুরু করেন। পঞ্চম উইকেটে শেষ পর্যন্ত এই জুটি যোগ করে ২০৩ রান।

স্টোকস সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১২০ রান করে ফেরেন। তবে পোপ ১৩৫ রানে অপরাজিত থেকে যান। এ ছাড়া স্যাম কারেন ৪৪ ও মার্ক উড ৪২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বাধিক ৫ উইকেট নেন কেশব মহারাজ।

প্রোটিয়ারা ব্যাট করতে নেমে পিটার মালান (১৮) ও জুবায়ের হামজার (১০) উইকেট হারিয়েছে। ডিন এলগার (৩২) ও আনরিক নর্তিয়ে (০) শনিবার নতুন দিনের ব্যাটিং শুরু করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত