‘দেবোত্তর’ সম্পত্তি নিয়ে ভূমির মালিক-এলাকাবাসীর সঙ্গে ইসকনের বিরোধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৭:০৬ পিএম

নেত্রকোনার মোক্তাপাড়া এলাকায় হিন্দুদের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে।

শুক্রবার সারা দিন এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যা সাতটার দিকে এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ইসকন সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসকন সদস্যদের উদ্ধার করে অন্যত্র পাঠিয়ে দেয়।

স্থানীয়রা জানান, মোক্তারপাড়া শহরের প্রধান সড়কে ৯ শতাংশ জমির এক অংশে তাপস কুমার সরকারের বোন ছায়ারানী সরকার বসবাস করতেন। তারা ভূমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে দীর্ঘ ৬৫ বছর যাবৎ ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি ঘরটি মেরামত করতে গেলে শুক্রবার সকালে ইসকন সদস্যরা ঢোল করতাল নিয়ে ঘরটি দখলে নিয়ে নেন।

এ ঘটনায় ওই দিন দুপুরেই ইসকন সদস্য সুবীর চন্দ্র সরকারকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন তাপস সরকার।

স্থানীয়রা আরও জানান, দিনভর এই নিয়ে ভূমির মালিক ও এলাকাবাসীর সঙ্গে ইসকন সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতি চলার পর সন্ধ্যার দিকে হাতাহাতির ঘটনা ঘটে।  

ভূমির মালিক ছায়ারানী ও তার বোন অভিযোগ করেন, ইসকনের পুরুষরা তাদের গায়ে হাত তুলেছেন।

নারীদের গায়ে হাত তোলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে ইসকনের সদস্যদের ঘরের ভেতর থেকে বের করে নিরাপদে পাঠিয়ে দেয়া হয়।  

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত ইসকন সদস্য সুবীর চন্দ্র সরকারকে বারবার মোবাইলে ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।   

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক করতেই ঘরের ভেতর থেকে ইসকনের কয়েকজন সদস্যকে বের করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়া হয়। যেহেতু ধর্মীয় বিষয়, তাই তাদেরকে বলা হয়েছে বসে নিজেদের মধ্যে মীমাংসা করে নিতে। দখলের বিষয়ে শুক্রবার থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত