প্রথম আলোর সম্পাদকসহ অন্যান্যদের বিরুদ্ধে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলাকে হয়রানিমূলক আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর দাতারা হলেন- ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারা একাংশের চেয়ারম্যান ড. নুরুল আমিন ব্যাপারী।
বিবৃতিতে বলা হয়, আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। মামলাটি দায়েরের আগে পরে এ বিষয়ে যেভাবে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন এবং এই মামলায় প্রথম আলোর সম্পাদককে যেভাবে সম্পৃক্ত করা হয়েছে তাতে মামলাটি আমাদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে।
এই মামলায় সমন জারি করে বিচারকাজ পরিচালনার সুযোগ থাকা সত্ত্বেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাপ্তাহিক ছুটির মাত্র কয়েক ঘণ্টা আগে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার সুযোগকে সীমাবদ্ধ করা হয়েছে।
দেশে বাক স্বাধীনতার ওপর একের পর এক যেসব আঘাত আসছে তা থেকে এই মামলাটি পৃথক করে দেখার কোন অবকাশ নাই। আমরা এই মামলায় প্রথম আলোর সম্পাদকসহ সকল অভিযুক্তের পরিপূর্ণ্ আইনগত প্রতিকার পাওয়ার অধিকার অবারিত রাখার দাবি জানাচ্ছি।
