রাজধানীর শাহজাহানপুরে শিশু শ্রেণির এক স্কুলছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির স্বজনরা জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী একটি বাড়ির গ্যারেজে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিন রাতেই মজিবর (৫৩) নামে এক দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির বাবা নিরাপত্তাকর্মীর কাজ করে। আর মা রাস্তার পাশে পিঠা বিক্রি করে। শুক্রবার বিকেলে তারা দুজনই বাসায় ছিল না। রাত সাড়ে ৯টার দিকে মা বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে শিশুটিকে পাশের বাসার একটি গ্যারেজ থেকে বেরিয়ে আসতে দেখে। তখন শিশুটির কাছে জানতে চাইলে সে সবকিছু খুলে বলে। এ ঘটনায় ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন।
শাহজাহানপুর থানার ওসি মো. শহীদুল হক দেশ রূপান্তরকে জানান, অভিযোগ পাওয়ার পর পরই মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে।
