আমতলী উপজেলার গোছখালী গ্রামে গত বৃহস্পতিবার রাতে ৪০ দিনের কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন বাবা জাহাঙ্গীর সিকদার। এ ঘটনায় শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন শিশু জিদনীর মা সীমা বেগম। এ মামলায় গতকাল জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানান, উপজেলার গোছখালী গ্রামের জাহাঙ্গীর ও সীমা দম্পতির সোহাগী (৯) এবং জান্নাতী (৩) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। গত ৮ ডিসেম্বর ওই সীমা আরেকটি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি জাহাঙ্গীর মেনে নিতে পারেননি। তিনি ছেলেসন্তানের আশা করেছিলেন। মেয়ে জন্মের পর থেকেই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জিদনীকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন জাহাঙ্গীর। এ সময় সীমা গৃহস্থালির কাজ করছিলেন। ১১টার দিকে ঘরে গিয়ে মেয়ে ও স্বামীকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে ঘরের পেছনের ডোবা থেকে কাঁথায় মোড়ানো জিদনীর লাশ উদ্ধার করে। আমতলী থানার ওসি আবুল বাশার জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
