ফরিদপুরে বসতঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০১:০২ পিএম

ফরিদপুর সদর উপজেলার চরমামুদপুরের আজাদ মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডে গৃহবধূ আলেয়া বেগম (৪০) ও তার তিন বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১০টার দিকে।

কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আজাদ শেখের স্ত্রী আলেয়া ঘটনাস্থলেই মারা যান। তাদের শিশু কন্যা আমেনা গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সকালে মারা যায় সে।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, একই দিনে জেলার চরভদ্রাসন উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ফরিদপুর ও সদরপুর থেকে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত