স্মিথের সেঞ্চুরি বৃথা, রোহিত-কোহলিতে সিরিজ ভারতের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১১:৩৫ পিএম

আগের ম্যাচে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি স্টিভেন স্মিথ। হেরেছিল দল। রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে অবশ্য অধরা সেঞ্চুরিটা পেলেন স্মিথ। তবে ২০১৭ সালের জানুয়ারির পর পাওয়া এই সেঞ্চুরিতেও ম্যাচ শেষে হাসতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

রোহিত শর্মা ও বিরাট কোহলির দাপুটে ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে ভারত। রোহিত পেয়েছেন সেঞ্চুরি। তিন ম্যাচের সিরিজ স্বাগতিকেরা নিজেদের করেছে ২-১ এ।

রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় ভারত। টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৮৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৫ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে ভারত।

রোহিত শর্মা ও লোকেশ রাহুল উদ্বোধনী জুটিতেই যোগ করেছিলেন ৬৯ রান। রাহুল ১৯ করে ফিরলে বিরাট কোহলি আসেন উইকেটে। রোহিতের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ১৩৭ রান। অস্ট্রেলিয়া তাতে ছিটকে যায় ম্যাচ থেকে।

রোহিত ১২৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১১৯ রান করেন। কোহলির ব্যাট থেকে আসে ৮৯ রান। ৯১ বরে ৮ চারে নিজের ইনিংস সাজান তিনি। শ্রেয়াস আয়ার ৪৪ ও মনিশ পান্ডে ৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে শুরুটা ভালো না হলেও স্মিথ ও মারনাস লাবুশেনের তৃতীয় উইকেট জুটিতে বড় স্কোরের আশা দেখছিল অস্ট্রেলিয়া। লাবুশেন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে ফেরার পরই পথ হারায় ভারত। স্মিথ সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু অন্যরা অন্য প্রান্তে সেভাবে দাঁড়াতে পারেননি।

স্মিথ ১৩২ বলে ১৪ চার ও ১ ছক্কায় করেন ১৩১ রান। লাবুশেন ৬৪ বলে ৫ চারে ৫৪ রান করেন। এ ছাড়া অ্যালেক্স ক্যারি ৩৬ বলে ৬ চারে ৩৫ রান করেন। ভারতের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা।

মুম্বাইয়ে সিরিজের প্রথম ম্যাচটা ১০ উইকেটে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। দাঁড়াতে দেয়নি ভারতকে। তবে এরপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি সেভাবে। রাজকোটে দ্বিতীয় ম্যাচ ৩৬ রানে জিতে সিরিজে সমতা এনেছিল ভারত। শেষ ম্যাচটা জিতে এবার সিরিজ নিজেদের করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত