এ বছর চ্যাম্পিয়নস লিগ-ইউরো-অলিম্পিক জিততে চান এমবাপে

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০২:৪০ পিএম

এ বছরটা সাফল্যে রাঙাতে চান কিলিয়ান এমবাপে। পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি জাতীয় দলকে জেতাতে চান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা ও অলিম্পিক ফুটবল স্বর্ণ!

২১ বছর বয়সী এই ফুটবলার এরই মধ্যে তিনবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা। একবার করে জিতেছেন ফ্রান্স কাপ ও ফরাসি লিগ কাপ শিরোপা। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলেও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এমবাপে।

এই বছর এমবাপের সামনে তিনটি বড় বড় শিরোপা জয়ের হাতছানি। পিএসজির হয়ে আছে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ। আর ফ্রান্সের হয়ে আছে ইউরো ও অলিম্পিকে স্বর্ণ জয়ের সুযোগ। এর কোনোটাই হাতছাড়া করতে চান না তারকা এই ফরোয়ার্ড।

তিনটি আসরই অনেকটা একই সময়ে। চ্যাম্পিয়নস লিগ শেষ হবে মে মাসের শেষ দিকে। এরপর জুন-জুলাই ইউরোপের ১২টি শহরে বসবে ইউরোর ষোলোতম আসর। এরপর জাপানের টোকিওতে জুলাই-আগস্টে বসবে অলিম্পিক আসর।

তিনটি আসরই অনেকটা একই সময়ে হলেও কোনোটিতে ছাড় দিতে রাজি নন এমবাপে। নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘কেএম’ উদ্বোধনীর দিন তিনি বলেন, “২০২০ সালে আমার স্বপ্ন? একই সময়ের তিনটি টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ, ইউরো ২০২০ ও অলিম্পিক গেমস জেতা।”

“সময়টা একই হওয়ায় মনে হতে পারে এগুলো অর্জন করা সম্ভব নয়। তবে আমি এই স্বপ্ন পূরণ করতে চাইব। প্রথমবারের মতো পিএসজিকে ইউরোপিয়ান শিরোপা এনে দিতে পারা এবং দেশকে শিরোপা জয়ের মধ্যে রাখাটা হবে গর্ব করার মতো একটা মুহূর্ত।”

বরাবরের মতো এবারের মৌসুমেও দারুণ খেলছেন এমবাপে। সব ধরনের প্রতিযোগিতায় ২২ ম্যাচে করেছেন ২১ গোল; করিয়েছেন আরও ১২ গোল!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত