হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে জামালকে ছাড়াই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে জয় তুলে নেয় স্বাগতিকেরা। নিশ্চিত করে সেমিফাইনাল।
বৃহস্পতিবার ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। চোট কাটিয়ে এ ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী জামাল। মঙ্গলবার পুরোদমে অনুশীলনও করেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলনের ফাঁকে জামাল সংবাদমাধ্যমকে বলেন, ‘হালকা ব্যথা আছে। বুরুন্ডির বিপক্ষে ইনশা আল্লাহ খেলব।’
বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন জামাল। এরপর থেকে ছিলেন অনুশীলনের বাইরে।
জামালের অনুশীলনে ফেরা স্বস্তির ঠিক। এরপরও বাংলাদেশ দল কি পুরোপুরি হাসতে পারছে? শ্রীলঙ্কার ম্যাচে লাল কার্ড দেখেছেন দেশ সেরা ডিফেন্ডার তপু বর্মন। তাকে বুরুন্ডির বিপক্ষে পাওয়া যাবে না। আরেক নির্ভর যোগ্য ডিফেন্ডার ইয়াসিন খানও চোটে।
তবে দলের বাকিরা সেই চ্যালেঞ্জ সামলাতে তৈরি বলে জানিয়েছেন ডিফেন্ডার রিয়াদুল ইসলাম রাফি, ‘জাতীয় দলে যারা আছে তাদের মধ্যে পার্থক্য ১৯-২০। তবে তপু ও ইয়াসিন ভাই না থাকলে একটু পার্থক্য হয়েই যায়। তাদের একজন থাকলেও বিষয়টা অন্যরকম হতো। তবে ভয় নিলেই ভয়। বুরুন্ডির বিপক্ষে আমাদের ডিফেন্ডারদের এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এটা আমি নিজের জন্যও চ্যালেঞ্জ হিসেবে নিব।’
মরিশাসকে ৪-১ ও সিশেলসকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে ওঠা বুরুন্ডি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে এমনটাই ভাবছে সবাই। তবে জামাল-রাফিরা সেই চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন এদিন।
