অবৈধভাবে বালু উত্তোলন

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা জরিমানা

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১২:৫৭ এএম

ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার বালু ব্যবসায়ীকে চার লাখ টাকা অর্থদ-ের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাওলাদার এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী পিরোজপুরের নেছারাবাদ থানার বটচাকাঠি গ্রামের মো. কামরুল হাসান, নান্দুহার গ্রামের মো. মনির, বরিশালের বাকেরগঞ্জ থানার চামটা গ্রামের মো. জুয়েল মীর, মো. ফয়জুল হক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এ চক্রটি বিষখালীসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গতকাল সকালে উপজেলার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি বাল্কহেড ও দুটি ড্রেজার জব্দ করে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার জিম্মায় নেন। দুপুরে তিনি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে চার লাখ টাকা জরিমানা করেন।

সোহাগ হাওলাদার বলেন, চারজনকে চার লাখ টাকা জরিমানা ও ভবিষ্যতে তারা বালুমহালের নির্দিষ্ট স্থান ছাড়া বালু উত্তোলন করবেন না এ মর্মে মুচলেকা রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত