দলে জায়গা না পেয়ে নির্বাচকদের ধুয়ে দিলেন কামরান

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৩:০০ পিএম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের মতো খেলোয়াড়রা জায়গা পেলেও ডাক পাননি কামরান আকমল। তাতে নির্বাচকদের প্রতি চটেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার চিন্তা করছেন তিনি।

২০১৯-২০ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কামরান। এগারো ম্যাচে ৬০.৪০ গড়ে করেন ৯০৬ রান। গত বছরের পাকিস্তান সুপার লিগেও ছিলেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। তেরো ম্যাচে করেছিলেন ৩৫৭ রান। এর পরও দলে না থাকায় নির্বাচকদের উদ্দেশে তোপ দেগেছেন ৩৮ বছর বয়সী কামরান।

“আমি এখনও হাল ছেড়ে দিচ্ছি না। তবে সব কিছুরই তো একটা সীমা রয়েছে। পাঁচ বছর হয়ে গেল নতুন সিস্টেম আনার। যাতে সেরা মানের ক্রিকেটার, সেরা প্রতিভা ও যারা পারফরম্যান্স করবে, তাদের এমনিতেই বিবেচিত হওয়ার কথা জাতীয় দলের জন্য।”

“আমাকে কি দলে আসার জন্য ভারতে বা অস্ট্রেলিয়ায় গিয়ে পারফর্ম করে আসতে হবে? আমি পাকিস্তানের ক্রিকেটার। গত পাঁচ বছর ধরে পারফর্ম করে চলেছি। আর কত সহ্য করব? আমার কি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত? বলা উচিত যে গত পাঁচ বছর ধরে এটা আমার পারফরম্যান্স?”

পাকিস্তানের হয়ে কামরান শেষবার মাঠে নেমেছিলেন ২০১৭ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর থেকে জাতীয় দলে আর ডাক মিলছে না তার। কিন্তু এমনটা কেন হচ্ছে সেটা বুঝতে পারছেন না বর্ষীয়ান এই ক্রিকেটার।

“আমার মতো আরও কয়েক জন ক্রিকেটার আছেন, যারা দলে আসতেই পারেন। যেমন: ফওয়াদ আলম। ওর পারফরম্যান্সটা দেখা হোক। ওর ক্ষেত্রেও সীমা পেরিয়ে গিয়েছে ব্যাপারটা। আর আমি কি পারফরম্যান্স ছাড়া কথা বলছি?”

এই বছরেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করে কামরান বলেছেন- “আমি পিএসএলে পারফর্ম করেছি। ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই রান করেছি। আর আমি একজন টপ পারফরমার। সামনেই বিশ্বকাপ। মিসবাহর এগুলো দেখা উচিত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত