আজহারউদ্দিনের বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৩:১৪ পিএম

আর্থিক প্রতারণার অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজহারউদ্দিনসহ মোট তিনজনের বিরুদ্ধে প্রায় ২১ লাখ রুপি প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছেন মহারাষ্ট্রের অরঙ্গাবাদের দানিশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ শাহাব। আজহার ছাড়া অন্য দুজন হলেন- সুধেশ আভিক্কাল ও মুজিব খান।

তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আজহারউদ্দিন। এমনকি অভিযোগকারীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুমকিও দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

এফআইআর মোতাবেক, দানিশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সংস্থার কর্ণধার সাহাব গত নভেম্বরে ২০ লাখ ৯৬ হাজার রুপি মূল্যের বিমানের টিকিট কিনেছিলেন। ওই টিকিটগুলো আজহারউদ্দিনের জন্য কেনা হয়েছিল। কিন্তু, সেই অর্থ এখনো ট্রাভেল সংস্থাকে দেওয়া হয়নি বলে অভিযোগ।

মামলা দায়ের করা শাহাবের দাবি, আজহারউদ্দিনের সহায়ক মুজিব খানের প্রতিশ্রুতিতেই বিভিন্ন আন্তর্জাতিক বিমানের টিকিটগুলি কেনা হয়েছিল। কিন্তু পরে তিনি টাকা পরিশোধ করেননি।

মুজিবের ঘনিষ্ঠ আওয়াক্কাল অনলাইনে টাকাটা দেওয়ার কথা বলে দাবি করেছেন মামলার বাদী মোহাম্মদ শাহাব। কিন্তু সেই টাকা তিনি পাঠাননি। ই-মেইলের মাধ্যমে আওয়াক্কাল জানিয়েছিলেন শাহাবকে ১০ লাখ ৬০ হাজার রুপি পাঠানো হয়েছে। কিন্তু আসলে সেটিও করেননি তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজহারউদ্দিন একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে অভিযোগ খণ্ডন করে আজহারউদ্দিন বলেন, ‘নজর কাড়তেই এই ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। আমি অভিযোগকারীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত