প্রেমিকাকে বিয়েতে অনীহা, চুরি করে পুলিশের হাতে ধরা দিল যুবক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৩:৫৩ পিএম

বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রেমিকা, কিন্তু তাতে রাজি নয় যুবক। শেষে বিয়ে এড়াতে নিজে চুরি করে পুলিশের হাতে ধরা দিলেন তিনি। চীনে সাংহাইয়ে এই ঘটনা ঘটে।

ইন্ডিয়া টাইমস জানায়, ৮ জানুয়ারি সাংহাইয়ের হুয়াশান রোডের একটি ড্যান্স স্টুডিওতে চুরির ঘটনা ঘটে। চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ।

পুলিশের তটপরতায় সহজেই ধরা পড়লেন চেন নামে ওই যুবক। চেন ওই ড্যান্স স্টুডিও থেকে একটি ছোট ব্লুটুথ স্পিকার চুরি করেছিলেন।

এত কম দামি জিনিস কেন চুরি করলেন চেন? চেনের উত্তর শুনে হাসাহাসি শুরু করেন পুলিশকর্মীরা। অভিযুক্ত যুবক জানান, স্টুডিও মালিক বড় কোনো ক্ষতির মুখে পড়ুক চাননি তিনি, তাই কমদামি জিনিস চুরি করেছেন।

চেন আরও জানান, প্রেমিকাকে বিয়ে করতে চান না তিনি। এদিকে বিয়ে করার জন্য প্রেমিকা তাকে চাপ প্রয়োগ করছিল। ফলে বিয়ে এড়াতে তিনি চুরির পথ বেছে নিয়েছেন।

চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা জানাজানি হলে বান্ধবী তাকে বিয়ে করতে রাজি হবে না, এ ধারণা থেকে এমন কর্মকাণ্ড করেছেন বলে চেন জানান।

এদিকে চুরির অভিযোগে আদালতে তোলা হবে চেনকে। এখন তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত