হোবার্ট ইন্টারন্যাশনাল ওপেনে দ্বৈত লড়াইয়ে শিরোপা জিতে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য নিজেকে ভালো করেই ঝালাই করে নিয়েছিলেন সানিয়া মির্জা। কিন্তু চোটে পড়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম হার্ডলেই বিদায় নিতে হলো দুই বছরের বেশি সময় পর কোর্টে ফেরা ভারতের এই টেনিস সেনসেশনকে।
অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে বৃহস্পতিবার চেনা জুটি জুয়ান হ্যান-লিন ঝু জুটির মুখোমুখি হন সানিয়া-নাদিয়া কিচোনেক জুটি। এক পর্যায়ে তারা ম্যাচে ২-৬, ০-১ এ পিছিয়ে ছিলেন। সেই সময়েই চোট পেয়ে কোর্ট ছাড়তে হয় সানিয়াকে।
অনুশীলনের সময়ে সানিয়া চোট পেয়েছিলেন বলে জানা গেছে। অনুশীলনের সময়ে পিছলে পড়ে গিয়েছিলেন। সেখানেই কাফ মাসলে আঘাত পান তিনি। কোর্টে খেলতে নেমে নড়াচড়া করতেই সমস্যায় পড়ছিলেন। চোট সানিয়ার সার্ভিসেও প্রভাব ফেলছিল। পরিচিত সার্ভ করতে পারছিলেন না।
এর আগে প্রথম সেটেই সানিয়া একবার মেডিকেল টাইম আউট নিয়েছিলেন। তারপরে স্বভাব পরিচিত ছন্দে খেলতে না পারায় প্রথম সেটেই বিশ্রীভাবে হারতে হয় ইন্দো-ইউক্রেনিয়ান জুটিকে। তবে দ্বিতীয় সেট চলাকালীন সানিয়া বুঝতে পারেন, আর টানতে পারবেন না। সেই সময়েই খেলা থামিয়ে কোর্ট ছাড়েন তিনি।
নারীদের ডাবলসের পাশাপাশি অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলস থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সানিয়া। তার সতীর্থ ছিলেন রোহান বোপান্না। তবে বোপান্নাকে হতাশ হতে হচ্ছে না। সানিয়ার ডাবলস পার্টনার কিচোনেকের সঙ্গে মিক্সড ডাবলসে নামবেন বোপান্না।
