৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ফকরুল আরেফিন খান পরিচালিত চলচ্চিত্র ‘গণ্ডি’। এই সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তাফা। গতকাল অনলাইনে প্রকাশিত হয়েছে 'গণ্ডি'র পোস্টার। ফকরুল আরেফিন খানের ফেসবুক পেইজে এটি প্রকাশ করা হয়।
এদিকে গণ্ডি সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সুবর্ণা মোস্তাফা। ভিডিওতে সুবর্ণা বলেন, ‘৭ ফেব্রুয়ারি ‘গণ্ডি’ মুক্তি পেতে যাচ্ছে। আপনারা আপনাদের পরিবার বন্ধুদের নিয়ে নিকটস্থ সিনেমা হলে সিনেমাটি দেখবেন। গণ্ডি বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব যেকোনো বয়সেই হতে পারে। এই সিনেমা আপনার কোনো পুরোনো বন্ধুর কথা হয়তো মনে করিয়ে দেবে। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।’
গণ্ডি সিনেমায় সুবর্ণা মুস্তাফা ছাড়াও আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান এবং কলকাতার ‘ফেলুদা’খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
২০১৮ সালের ডিসেম্বরে লন্ডনে শুরু হয় ছবির শুটিং। একই বছরের মার্চ মাসে কক্সবাজারে হয় ছবির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। ছবির শুটিং শেষ হয় ২০১৯-এর সেপ্টেম্বরে।
ছবির কাহিনি এগিয়ে গিয়েছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে।
