তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
২০০৮ সালের পর প্রথমবার পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ জাতীয় দল। সেবার এশিয়া কাপের জন্য, আর এবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। দুই সফরের পরিবেশে আকাশ-পাতাল পার্থক্য। ওই সফরে ছিল না কোনো দুশ্চিন্তা, শুধু ক্রিকেটে ভালো করাই ছিল লক্ষ্য। কিন্তু এবার নিরাপত্তা নিয়ে পাহাড়সম দুশ্চিন্তা সঙ্গী হয়ে থাকছে টাইগারদের জন্য। অবশ্য দুশ্চিন্তার বিষয়টি একদম উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। জানিয়েছেন ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য তার দলের।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরে বলে খাতা-কলমে শীর্ষের দল পাকিস্তান। তবে সেই শীর্ষস্থানটা ঠিক জুতসই অবস্থায় নেই তাদের, ঘরের মাঠেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়াসহ শেষ চারটি সিরিজই হেরেছে তারা। ২০১৯ সালে নয়টি টি-টোয়েন্টি খেলে জিতেছে একটিতে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের একটি ম্যাচে হারলেই শীর্ষস্থান চলে যাবে বাবর আজমের দলের। ফলে শীর্ষস্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা ছাড়া কোনো উপায় নেই তাদের।
প্রত্যাশিতভাবে একাদশে ফিরেছেন তামিম ইকবাল। ভারতের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসার মোস্তাফিজুর রহমান, আলি আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
