অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আন্দোলনরতদের নামে উকিল নোটিশের প্রতিবাদ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ পিএম

বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে টাকা লুটপাট করে কানাডায় বসতি গড়ার বিরুদ্ধে আন্দোলনকারীদের নামে আইনি নোটিশ দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক পৃথক সভায় তারা অবিলম্বে এই আইনি নোটিশের প্রতিবাদ জানান। 

ডেনফোর্থের টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে সাংস্কৃতিক কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। রেড হট তন্দুরি রেস্তারায় পৃথক প্রতিবাদ সভার আয়োজন করে অন্টারিও আওয়ামী লীগ। 

প্রসঙ্গত, ঢাকার  বিভিন্ন জাতীয় পত্রিকায় বাংলাদেশ থেকে টাকা লুট করে কানাডায় বসবাস করার সংবাদ প্রকাশিত হওয়ার পর টরন্টোয় বসবাসরত সর্বস্তরের বাঙালিরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারই এক পর্যায়ে আন্দোলনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে উকিল নোটিশ দেয় গাজী বেলায়তে হোসেন এবং তার স্ত্রী নাহিদ আখতার। 

গাজী বেলায়েত হোসেন বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় চলে এসেছেন মর্মে দৈনিক দেশ রুপান্তরে খবর বেরিয়েছে। দুর্নীতি দমন কমিশন তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলো। 

প্রতিবাদ সভায় বক্তারা উকিল নোটিশে ভীত না হতে কমিউনিটির সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিতভাবেই এই আইনি লড়াই মোকাবেলা করা হবে। 

লুটেরাদের বিরুদ্ধে গানে কবিতায় শুক্রবার প্রতিবাদ কর্মসূচি আয়োজনের কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত