‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেনস ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব মোট ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ৩৯টি দেশের ১৭৯ টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে গতকাল বিকেলে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় জার্মানির ‘রোকা চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রটি। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিশেষ প্রদর্শনী হিসেবে ছিল তরুণ নির্মাতা সুদীপ্ত সাহা পরিচালিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘খোকা যখন ছোট ছিলেন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী ও উৎসব পরিচালক ফারিহা যাহিন বিভা।
ঢাকায় উৎসবের মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। উৎসবে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি ছবির প্রদর্শনী হবে। এ ছাড়া আলিয়ঁস ফ্রসেঁজে সকাল ১১ টায় খুদে চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাটোগ্রাফির ওপর কর্মশালা করাবেন নেহাল কোরাইসি এবং সন্ধ্যা ৬টায় ইন্টার–অ্যাক্টিভ সেশনে অংশ নেবেন এন্নি বারোই । উৎসবের অন্য প্রদর্শনীগুলো হবে আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গ্যোটে ইনস্টিটিউট মিলনায়তন ও জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
