আলোচনার মাধ্যমে তিস্তা চুক্তি সম্পন্ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০৮:১৮ পিএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ভালো। তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মন্ত্রণালয় প্রস্তাবনা তৈরি করছে। ভারতের পানিসম্পদমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমেই ভবিষ্যতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে। 

শনিবার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ৪ তলা বিশিষ্ট এ ভবনের প্রতি তলায় ৩ হাজার বর্গফুট হিসেবে ৪ তলায় মোট ১২ হাজার বর্গফুট জায়গা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত