বিএনপিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ দিতে হবে: কাদের

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০৮:২৮ পিএম

ঢাকার দুই সিটির নির্বাচনে সরকার আচরণবিধি লঙ্ঘন করছে বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু অভিযোগ করলেই হবে না তাদেরকে প্রমাণও করতে হবে।

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক আয়োজিত নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।  

সেতুমন্ত্রী তিনি বলেন, বিএনপি তথ্য-প্রমাণ দিক সেটা দেশবাসী জানুক। অন্ধকারে ঢিল মারা আর মন গড়া কথা বললে তো হবে না। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারপরও নির্বাচন প্রক্রিয়া থেকে একেবারে দূরে। নির্বাচন শুরুর পর এখন পর্যন্ত আমাদের অফিস ভিজিট করিনি আজ পর্যন্ত। কীভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার আমি তো বুঝতে পারছি না।

নির্বাচন কর্মকর্তারা চাইলে ইভিএমে ভোট কারচুপি করতে পারে সুজনের এমন অভিযোগকে কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, সদ্য সমাপ্ত দুটি নির্বাচনের উদাহরণ দিয়ে আমি বলছি চট্টগ্রাম-৮ এর উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছে। এদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় এই পদ্ধতিতেই বিএনপির প্রার্থী জয় লাভ করেছে। যদি কোনো কারচুপির বিষয় কাজ করত তাহলে চট্টগ্রামের উপ নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক বৃদ্ধি পেত। তাই যুক্তি ছাড়া কথা বললে তো হবে না।

তিনি আরও বলেন, এত দিন যত নির্বাচন ইভিএমে হয়েছে কোথায় তারা ভোট কারচুপির তথ্য প্রমাণ পেয়েছে, একটার কথা তারা উল্লেখ করুক। তারা শুধু বলেই যাচ্ছেন। বলার জন্য বলছেন আর বিরোধিতার জন্য বিরোধিতা করে যাচ্ছেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম পদ্ধতিতে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিশেষ আবেদন করা হলে সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসবে এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিশেষ আবেদন এর কথা বলছেন তারা আসলে বিশেষ আবেদন কার কাছে করবেন আদালতের কাছে নাকি সরকারের কাছে। খালেদা জিয়া যেহেতু এখন আদালতের এখতিয়ারে আছেন সেহেতু সরকারের কাছে আবেদন করে তো লাভ নেই।

মন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন নারী গাড়িচালককে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু সচিব কাজি রওশন আখতার, ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত