গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন। এই রুটে ১৬টি এসি বাস চলাচল করবে বলে জানিয়েছেন গাজীপুর ডিপোর ম্যানেজার মফিজ উদ্দিন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসির) চেয়ারম্যান অতিরিক্ত সচিব এহসান এলাহী। বক্তব্য দেন বিআরটিসির ব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা বেগম, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার মফিজ উদ্দিন, সিবিএ সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
