ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ড

বিএনপি প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের চড়-থাপ্পড়!

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৫:১৬ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সামিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরে আলমের লোকজন তাকে চড়-থাপ্পড় মারে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন মোহাম্মদ সামির। তাকে মারধরের অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরে আলমের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে সামিরের ওপর হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম। তার ভাষ্য, ভোটের মাঠে সুবিধা করতে না পেরে বাড়তি প্রচার পাওয়ার আশায় মিথ্যা অভিযোগ করেছেন সামির।

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সামিরের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে তিনি নেতাকর্মীদের নিয়ে ঝাউচর মডেল টাউন এলাকায় লিফলেট বিলি করছিলেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের নেতৃত্বে স্থানীয় সেলিম, গফুর, চানু মিয়া, সালাউদ্দিনসহ কয়েকজন তার লোকজনকে মারধর শুরু করেন। হামলাকারীরা মহিলা দলের একজন নেত্রীকে থাপ্পড় দিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। তখন বাধা দিতে গেলে গফুর নামে একজন তাকে (সামির) থাপ্পড় দেন। এতে তার কানে শুনতে সমস্যা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত