বিশ্বের সবচেয়ে বড় টুইন-ইঞ্জিন বিমান আকাশে উড়ল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৪:১৪ পিএম

বিশ্বের সবচেয়ে বড় টুইন-ইঞ্জিন বিমান ৭৭৭এক্সের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে বোয়িং। বোয়িং এর সফল ৭৭৭ মিনি জাম্বো বিমানের আরো উন্নত ও বড় সংস্করণ এই উড়ালযানটি।

বিবিসি জানায়, সিয়াটল থেকে ৭৭৭এক্স-এর পরীক্ষামূলক ফ্লাইটটি শুরু হয় এবং চার ঘণ্টা ধরে চলে। তবে প্রবল বাতাসের কারণে চলতি সপ্তাহে বিমানটির দুইটি উড্ডয়ন বাতিল করা হয়েছিল।

গত বছর মার্কিন বিমান নির্মাণকারী কোম্পানিটির দুটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহী নিহত হয়। এর জেরে ৭৩৭ ম্যাক্স বিমানটি বাজার থেকে সরিয়ে নেয় বোয়িং। নিজেদের সুনাম কিছুটা ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে ৭৭৭এক্সের পরীক্ষা চালানো হয়।

চলতি বছরই ২৫২ ফুট দৈর্ঘ্যের যাত্রীবাহী বিমানটির উদ্বোধন করার কথা রয়েছে। তবে কিছু কারিগরি ত্রুটির কারণে এমিরেটসের সঙ্গে যুক্ত হওয়ার আগে বিমানটির আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার।

বিমানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ডানা ভাঁজ করতে পারবে এবং বাণিজ্যিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন রয়েছে এটির।

বিমানটিতে ৩৬০ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে। বোয়িং এর মধ্যে ৩০৯টি বিমান বিক্রি করেছে যার প্রতিটির মূল্য ৪৪২ মিলিয়ন ডলার।

গত বছর মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুটি ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার পর কিছুটা সংকটে পড়েছে মার্কিন কোম্পানিটি। ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় এবং গত বছরের মার্চে ইথিওপিয়ায় বিমান দুটি বিধ্বস্ত হয়।

এমন পরিস্থিতিতে বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রীত বিমান ৭৩৭ ম্যাক্স বাজার থেকে সরিয়ে নেয়ার পর প্রায় ৯ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়ে কোম্পানিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত