শ্রীপুরে শিশুপুত্রকে গলা কেটে হত্যা চেষ্টা বাবার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৪১ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বারতোপা গ্রামে পারিবারিক কলহের জেরে শিশুপুত্র কাওসার ইসলামকে (২) গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে বাবা রাজুকে (২৫) আটক করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

আটক রাজু জামালপুরের দেওয়ানগঞ্জ থানার রামপুরা এলাকার মো. হানিফার ছেলে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, রাজু তার শিশুপুত্র, স্ত্রী ও শাশুড়িসহ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে ভাড়া থাকেন। সেখানে থেকে রাজু রাজমিস্ত্রির কাজ করেন এবং তার স্ত্রী কামরুন্নাহার এক পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিদিনের মতো সকালে স্ত্রী তার কর্মস্থলে চলে যান।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে খালি ঘরে খাটের ওপর শুইয়ে কাওসারকে চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চলায়।

এ সময় শিশুটির চিৎকার শুনে বাইরে থাকা শিশুটির নানি ঘরে ঢzকেন এবং গলা কাটা রক্তাক্ত অবস্থায় নাতি কাওসারকে উদ্ধার করেন।

এ সময় প্রতিবেশীরা রাজুকে আটক করে পুলিশে খবর দেয় এবং কাওসারকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যায়।

পারিবারিক কলহের জেরেই ওই ঘটনা ঘটে থাকতে পারে বলেন ওই পুলিশ কর্মকর্তা।

শ্রীপুরের মাওনা এলাকার আলহেরা হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, শ্বাস নালির কিছু অংশ কাটা অবস্থায় তাকে এ হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে থাকা শিশুটির মামা সাইদুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাওসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখানকার চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার পরপরই শিশুটির বাবা রাজুকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত