কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সোমবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল, একটি দোকান ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
সোমবার সকালে শহরতলির ছালামতপুর হাজারী কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাওসার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতেই এক কর্মীর চেয়ারে বসা নিয়ে ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সোহেল ও রায়েছ চৌধুরীর পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয় ও চেয়ার ছোড়াছুড়ি হয়। একপর্যায়ে উভয় পক্ষই কমিউনিটি সেন্টারের বাইরে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহত জুলন মিয়া (২৩), পাবেল মিয়া (২৭), শরীফুল ইসলাম জুনেদ (২৮), সাইফুর রহমান বাবু (২৩), পথচারী মুছন মিয়া (২৫) ও মহিম উদ্দিনকে (৭২) নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শরীফ আহমেদ আবিদ ও জুয়েল মিয়া নামের দুজনকে আটক ও ভাঙচুর করা ৭টি মোটরসাইকেল জব্দ করে।
সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের নেতা রাসেদ চৌধুরীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
