ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবারের এই বিক্ষোভে হাজারো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অংশ নেন বলে জানিয়েছে ডন।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে কয়েকশ’ বিক্ষোভকারী জড়ো হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিন। তারা বলেন, মোদি দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানকে ক্ষতিগ্রস্ত করছেন।
কয়েকশ’ বিক্ষোভকারী ভারতীয় দূতাবাসের বাইরে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ঘিরে জড়ো হন। এ সময় দূতাবাস ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করছিল।
দূতাবাস কর্মকর্তারা বলেন, বিক্ষোভকারীরা মূল ফটকের দিকে আসতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে এগোতে থাকলে নিরাপত্তাকর্মীরা সরে যায়।
এদিকে ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব এনেছে ইউরোপীয় পার্লামেন্ট। আগামী সপ্তাহে ব্রাসেলসে পার্লামেন্টের অধিবেশনে এই প্রস্তাব পেশ হবে।
নাগরিকত্ব আইনকে ‘বিশ্বে রাষ্ট্রহীনতার পক্ষে সবচেয়ে বড় সংকট এবং মানুষের দুর্দশার কারণ’ আখ্যা দিয়ে প্রস্তাবটি তৈরি করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ১৫৪ সদস্য।
সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এতে বলা হয়েছে- মুসলিম ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।
বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে ভারত। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অগ্নিগর্ভ হয়ে উঠে। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী নয়াদিল্লিসহ গোটা ভারতে। এ বিক্ষোভে পুলিশের গুলিতে কমপক্ষে ৩০ বিক্ষোভকারী নিহত হন। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার।
