টাকা-সোনা নয়, বিয়েতে বই দেনমোহর নিলেন এই নববধূ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৫:৫৮ পিএম

এক মুসলিম নবদম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মন জিতে নিয়েছেন। বিয়েতে মোহরানা হিসেবে স্বামী থেকে কোনো টাকা বা সোনাদানা নয়, বিপুলসংখ্যক বই উপহার নিয়েছেন স্ত্রী।

মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া জানায়, সদ্যবিবাহিত জুটি এজাজ হাকিম-আজনা নিজাম ভারতের কেরালার বাসিন্দা। যখন হাকিমের সঙ্গে আজনার বিয়ে ঠিক হয় তখন তিনি সিদ্ধান্ত নেন, স্বামী থেকে মোহরানা হিসেবে বই নেবেন তিনি।

আজনার এমন সিদ্ধান্তে রাজি হন হাকিমও। তবে নববধূর দাবি ছিল, বই দিতে হবে ৮০টি। কিন্তু আরও ২০টি বই যোগ করে আজনাকে মোট ১০০টি বই দিয়েছেন হাকিম।

গত বছরের ২৯ ডিসেম্বর তাদের বিয়ে হয়। তবে মোহরানা হিসেবে বই নেয়ার ঘটনাটি প্রকাশ হয় সম্প্রতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় বিপুল বইয়ের সামনে বসে আছেন আজনা নিজাম। স্কার্ফ পরা ওই তরুণী একটি বই খুলে পড়ছেন।

প্রসঙ্গত, নারীর অধিকার হিসেবে মুসলিম বিয়েতে নববধূকে মোহরানা দেয়া হয়। সাধারণত টাকা কিংবা স্বর্ণালংকারের মাধ্যমে সেটি কনেকে পরিশোধ করে বর। এর পরিমাণ নির্ধারণ হয় বর ও কনের উভয়ের সম্মতিতে।

সেখানে ভিন্ন একটি দৃষ্টান্ত রাখলেন কেরালার এই জুটি। নগদ অর্থ বা দামি কোনো জিনিসের বদলে মোহরানা হিসেবে তারা বেছে নিয়েছেন ‘মহামূল্যবান’ বইকে।

এর আগেও কেরালাতে এমন ঘটনা ঘটেছিল। ২০১৬ সালে দেনমোহর হিসেবে পাত্রের কাছ থেকে ৫০ বই উপহার নিয়েছিলেন সহলা নেচিইল নামে এক তরুণী। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত