বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের সমাধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ছায়া জাতিসংঘ সম্মেলন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত সম্মেলন চলবে।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী তরুণদের উদ্বুদ্ধকরণ’। এবারের সম্মেলনে দেশ-বিদেশের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী এবং ২৬ জন বিচারক অংশ নিচ্ছেন।
২০১৫ সাল থেকে সিইউমান দেশের ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে পরপর চতুর্থবার সর্ববৃহৎ সেক্রেটারিয়েট নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন সংস্থার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এর সভাপতিত্ব ও সানজিদা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
শিরীণ আখতার বলেন, ‘আজকের এ জাতিসংঘ সংসদে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিবৃন্দের অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের সমাধান উঠে আসবে। যুগোপযোগী চিন্তা ও গবেষণার দ্বারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে’।
এসময় আরও উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদ ডিন অধ্যাপক ড. আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সিইউমান-২০ এর উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমির নাসরুল্লাহ প্রমুখ।
