কোটালীপাড়ায় ৫৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০১:৩০ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতী। প্রতি বছর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

গত বছরের মতো এ বছরও এ পূজায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

উপজেলার কান্দি ইউনিয়নের আমবাড়ী গ্রামের শ্রী শ্রী রাধাগোবিন্দ ও গণেশ পাগল সেবাশ্রম ৫৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজার আয়োজন করেছে।

আয়োজকদের দাবি, এটিই হচ্ছে এ উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিমায় সরস্বতী পূজা। এই পূজার প্রতিমাটি তৈরি করেছেন শ্রীবাস গাইন (পাল)।

বৃহস্পতিবার সকাল ১০টায় আমবাড়ী গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও গণেশ পাগল সেবাশ্রম চত্বরে নির্মিত ৫৫ ফুট উচ্চতার এই সরস্বতী প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়।

এই মণ্ডপ দেখার জন্য আমবাড়ী গ্রামের আশপাশের এলাকা থেকে বিভিন্ন লোক এসে জড়ো হয়েছে পূজাস্থলে।

এ ছাড়া বরিশাল, পিরোজপুর ও বিভিন্ন জেলা উপজেলার আত্মীয়-স্বজন এসেছে এ গ্রামে পূজা দেখার জন্য। এই পূজাকে কেন্দ্র করে বসেছে ৩দিনব্যাপী গ্রামীণ মেলা। আয়োজন করা হয়েছে ধর্মীয় যাত্রাপালা ও কবি গানের।

পাল শ্রীবাস গাইন (৪৬) বলেন, ‘আমি আমার ১০ জন সহকারীকে নিয়ে এক মাস ধরে এ প্রতিমাটি নির্মাণ করেছি। আমি এর আগেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতিমা তৈরি করেছি। এ ধরনের প্রতিমা তৈরি করতে এক থেকে দেড় লক্ষ টাকা নিয়ে থাকি। কিন্তু এটা আমার গ্রামের পূজা। আমাকে আয়োজকরা যা দেবে আমি তাতেই খুশি।

তিনি বলেন, আমি এর আগে ৪৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছি। ৫৫ ফুট উচ্চতার প্রতিমা এটাই প্রথম।

পুরোহিত গোলক চন্দ্র গাইন বলেন, ‘আমি  ৩০ বছর ধরে পূজা করি। কিন্তু এতো বড় প্রতিমায় কোনো দিন পূজা করিনি। আমার আজকে অনেক স্থানে পূজা করার কথা ছিল, কিন্তু সব বাদ দিয়ে এখানে পূজা করতে এসেছি। এত বড় প্রতিমায় পূজা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’

পূজা কমিটির সভাপতি বিশ্বপদ মণ্ডল (৪০) বলেন, আমরা এলাকার যুবকরা মিলে এই পূজার আয়োজন করেছি। গত বছর আমরা ৪৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজার আয়োজন করেছিলাম। এ বছর ৫৫ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমায় পূজার আয়োজন করেছি। আমাদের এই পূজায় ৩ লক্ষাধিক টাকা খরচ হবে। আমরা এ ধরনের পূজার আয়োজন করতে পেরে খুবই আনন্দিত।

পূজা কমিটির সাধারণ সম্পাদক কালিপদ গাইন বলেন, আমার জানা মনে এটিই এ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিমায় সরস্বতী পূজা। আগামীতেও আমরা এ পূজা চালিয়ে যাবো।

পিরোজপুর থেকে আগত মিলন মল্লিক বলেন, আমি আমবাড়ী গ্রামের জামাই। যখন জানতে পারলাম ৫৫ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমায় পূজা হবে তখন এই পূজা দেখার জন্য স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে শ্বশুরবাড়ী চলে আসলাম। আমার জীবনে এত বড় সরস্বতী প্রতিমা দেখেনি।

কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মধু বলেন, আমাদের ইউনিয়নে এত বড় সরস্বতী পূজা হচ্ছে শুনে আমি আনন্দিত ও গর্বিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত