বড়পুকুরিয়া কয়লা খনির ৫ চীনা কর্মী পর্যবেক্ষণে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৮:২২ পিএম

চীন  থেকে সম্প্রতি বাংলাদেশে আসা বড়পুকুরিয়া কয়লা খনির  ৫ জন কর্মীকে পর্যবেক্ষণে  রাখা হয়েছে। চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতা মুলুক পদক্ষেপ হিসেবে তাদের কাজে যোগদান করতে দেওয়া হয়নি।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব আমজাদ হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে দৈনিক দেশ রূপান্তরকে বলেন- বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনে নিয়োজিত চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে প্রায় ৩০০ চীনা নাগরিক বিভিন্ন পদে খনিতে কর্মরত রয়েছেন। এদের মধ্যে কিছু শ্রমিক ছুটি কাটাতে দেশে গিয়েছিল। ৫ জন কর্মী কয়লা খনিতে ফিরে আসে।  সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই ৫ কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী (ব্যবস্থাপক/সংরক্ষণ) মো. মাহবুবুর রহমান জানান তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে প্রায় ৭০ চীনা নাগরিকদের ছুটি বাতিল এবং যারা চীনে গেছেন তাদের বাংলাদেশে আসা বন্ধ করে সতর্কতা জারি করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ৩১ শে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর দেশটিতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্যানুযায়ী, করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে ১৭০ জন মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত