যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারসহ নতুন করে ছয়টি দেশের ওপর বিস্তৃত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছেন বলে জানিয়েছে বিবিসি। গত শুক্রবার এক আদেশে তিনি এ নতুন নিষেধাজ্ঞা দেন।
নতুন বিধিনিষেধের ফলে ইরিত্রিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও কিরগিজস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কমে আসবে। সুদান ও তানজানিয়ার নাগরিকদের জন্য বন্ধ হবে ‘ডাইভারসিটি ভিসা’। তবে দেশ ছয়টির নাগরিকদের ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ও ব্যবসা সংশ্লিষ্ট ভিসা আগের মতোই চালু থাকবে।
নিরাপত্তা ও তথ্য ভাগাভাগি বিষয়ে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া মান অর্জনে ব্যর্থ হওয়ায় নতুন এ ছয় দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্যাড ওলফ জানিয়েছেন। ইরান, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও ভেনেজুয়েলার ওপর আগের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও শুক্রবারের আদেশে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন এ নীতি ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
