করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তি মারা গেছেন। ভাইরাসটিতে চীনের বাইরে এই প্রথম কোনো ব্যক্তি মারা গেলেন। এতদিন বিভিন্ন দেশ থেকে আক্রান্ত হওয়ার খবর আসছিল।
নিউজহাব জানিয়েছে, শনিবার ৪৪ বছর বয়সী যে ব্যক্তি মারা গেছেন কিছুদিন আগে তিনি উহান থেকে ফিরেছিলেন।
ফিলিপাইন সরকার জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত দুইজন আক্রান্ত হয়েছেন। আরেকজন ব্যক্তিও সম্প্রতি উহান থেকে ফেরেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাসটি যাতে আর কারো শরীরে সংক্রমণ ঘটাতে না পারে তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সব মিলিয়ে রবিবার পর্যন্ত রহস্যময় করোনাভাইরাসে শুধু চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন।
যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সেখানে এখন পর্যন্ত ৯ হাজার ৭৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ২৯৪ জন।
আশার খবর হল এই ভাইরাসের আক্রমণ থেকে এখন পর্যন্ত ৩২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
চিকিৎসকেরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে। পরিণতিতে ঘটতে পারে মৃত্যু।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।
